মোড়কে উল্লেখিত ওজনের তুলনায় কম ওজনের বিস্কুট বাজারজাত করার অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে একই পণ্যের মোড়কের সামনে ও পেছনে ভিন্ন ভিন্ন ওজন উল্লেখ করে ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগও পেয়েছে সংস্থাটি।
রোববার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ। উপস্থিত ছিলেন পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমাম।
বিএসটিআই জানায়, অভিযানের সময় নাবিস্কোর উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের ওজন নিবন্ধন সনদ অনুযায়ী পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, কয়েকটি পণ্যের প্রকৃত ওজন মোড়কে ঘোষিত ওজনের চেয়ে কম। এছাড়া একই পণ্যের মোড়কের সামনে ও পেছনে ভিন্ন ভিন্ন ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে।
ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের অধিকার সংরক্ষণ, সঠিক ওজন নিশ্চিত করা এবং বাজারে ন্যায্য বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে তাদের মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



