tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাহাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি, বেঙ্গালুরুতে যাচ্ছেন সভাপতি তামিম

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি, বেঙ্গালুরুতে যাচ্ছেন সভাপতি তামিম

বাংলাদেশ ক্রিকেটের হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করতে ভারতের মডেল অনুসরণের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যেই বিসিবি সভাপতি তামিম ইকবাল শনিবার ভারতের বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অত্যাধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শনে যাচ্ছেন।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সফরের সঙ্গে ভারতের সম্ভাব্য বাংলাদেশ সফরের কোনো সরাসরি সম্পর্ক নেই। বর্তমানে ব্যক্তিগত সফরে ভারতে অবস্থান করা তামিম ইকবাল বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গে বেঙ্গালুরু সফরে অংশ নেবেন।

সফরে প্রতিনিধি দলটি ভারতের সেন্টার অব এক্সিলেন্সের অবকাঠামো, পরিচালন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা নেবে। পাশাপাশি কেন্দ্রটির পরিচালক ভিভিএস লক্ষ্মণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তারা।

বিসিবি দীর্ঘদিন ধরেই ঢাকায় একটি আধুনিক ও কেন্দ্রীয় সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ভারতের সফল মডেলটি কাছ থেকে পর্যবেক্ষণ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এই সফরে খেলোয়াড় উন্নয়ন, স্পোর্টস সায়েন্স, বায়োমেকানিক্স, ইনজুরি পুনর্বাসন, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং, পারফরম্যান্স অ্যানালিটিক্স এবং বয়সভিত্তিক ক্রিকেট কার্যক্রম কীভাবে একই ছাদের নিচে পরিচালিত হয়, সে বিষয়ে বিস্তারিত জানবেন বিসিবি কর্মকর্তারা।

জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) পরিবর্তে কয়েক বছর আগে চালু হওয়া বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স বর্তমানে ভারতীয় ক্রিকেটের হাই পারফরম্যান্স কার্যক্রমের মূল কেন্দ্র হিসেবে কাজ করছে। বেঙ্গালুরুর উপকণ্ঠে অবস্থিত এই বিশাল ক্যাম্পাসে রয়েছে একাধিক ইনডোর ও আউটডোর অনুশীলন উইকেট, আধুনিক জিমনেশিয়াম, পুনর্বাসন ইউনিট, আবাসন সুবিধা এবং বিশেষায়িত গবেষণাগার। পুরুষ, নারী ও বয়সভিত্তিক—সব পর্যায়ের ক্রিকেটারদের জন্যই এখানে সমন্বিত প্রশিক্ষণ ও উন্নয়ন ব্যবস্থা রয়েছে।

বিসিবির লক্ষ্য, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে পরিচালিত উন্নয়ন কার্যক্রমের পরিবর্তে একটি কেন্দ্রীয় হাই পারফরম্যান্স কাঠামো গড়ে তোলা। সে কারণেই বিশ্বের অন্যতম আধুনিক ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রটি সরেজমিনে পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের প্রাথমিক সূচি থাকলেও সেটি এখনো চূড়ান্ত হয়নি। কূটনৈতিক পরিস্থিতির কারণে সফরটি ভারত সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সরকারিভাবে সবুজ সংকেত পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই।

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, সম্প্রতি তামিম ইকবাল বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ভারত সরকারকে কূটনৈতিকভাবে আশ্বস্ত করার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন, যাতে বাংলাদেশের সফর বাস্তবায়নে ইতিবাচক পরিবেশ তৈরি হয়।