tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীরামপুরা-নতুনবাজার সড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

রামপুরা-নতুনবাজার সড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

রাজধানীর রামপুরা থেকে নতুনবাজার পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে মেরাদিয়া এলাকায় বৃষ্টির পানিতে সড়কে জলাবদ্ধতা ও দুটি ট্রাক বিকল হয়ে পড়ায় এ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামীসহ বিভিন্ন গন্তব্যের হাজারো মানুষ।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে বৃষ্টির কারণে মেরাদিয়া এলাকায় সড়কে পানি জমে যায়। এর মধ্যে দুটি ট্রাক বিকল হয়ে সড়কে আটকে পড়লে নতুনবাজার, বাড্ডা ও মেরাদিয়া হয়ে রামপুরা পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে। আটকে পড়ে শত শত বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল।

দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকার পর অনেক যাত্রী বৃষ্টির মধ্যেই বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। সময়মতো অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি কাজে পৌঁছাতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা।

যানজট এড়াতে নতুনবাজার-বাড্ডা লিংক রোড ব্যবহারকারী আলিফ, বৈশাখীসহ কয়েকটি গণপরিবহনকে গুলশান-২ হয়ে বিকল্প পথে চলাচল করতে দেখা যায়। এতে ওই সড়কেও যানবাহনের চাপ বেড়ে যায়। তবে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের রামপুরা জোনের সহকারী কমিশনার (এসি) আসাদুজ্জামান জানান, ভোরে বিকল হওয়া দুটি ট্রাকের একটি সরিয়ে নেওয়া হয়েছে। অন্যটিও অপসারণের কাজ চলছিল। ট্রাক দুটি বিকল হয়ে পড়ায় ওই অংশে যান চলাচল ব্যাহত হয় এবং এর প্রভাব নতুনবাজার থেকে রামপুরা পর্যন্ত ছড়িয়ে পড়ে।