জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা। এমন পরিস্থিতিতে বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান অষ্টম। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ঢাকার বায়ুমান স্কোর ১২৩, যা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ১৭২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মিসরের রাজধানী কায়রো। ১৭০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। তৃতীয় অবস্থানে থাকা উগান্ডার রাজধানী কাম্পালার বায়ুমান স্কোর ১৬০।
এ ছাড়া ১৪০ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর রয়েছে চতুর্থ অবস্থানে। ১৩১ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। অন্যদিকে ১২৩ স্কোর নিয়ে ঢাকার অবস্থান অষ্টম।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরের বায়ু ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়। বায়ুর মান খুব অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছালে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর ঝুঁকিপূর্ণ মাত্রার দূষণ নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
বায়ুদূষণের মাত্রা নির্ধারণে প্রধানত পার্টিকুলেট ম্যাটার (PM10 ও PM2.5), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO2), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO2) এবং ওজোন (O3)—এই পাঁচটি প্রধান দূষক উপাদান বিবেচনা করা হয়।
দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায় ভুগছে ঢাকা। বর্ষাকালে বৃষ্টির কারণে বাতাসের মান কিছুটা উন্নত হলেও শুষ্ক ও শীত মৌসুমে দূষণের মাত্রা বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বজুড়ে প্রতি বছর স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসতন্ত্রের বিভিন্ন জটিলতায় প্রায় ৭০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে।



