হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ধারার সাতটি ইসলামী দলের শীর্ষ নেতাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরীসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা।
এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক ও সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন এবং ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা আলী ওসমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসেন রাজী, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি বশিরুল্লাহ, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা মোস্তফা কামাল জিহাদী, মাওলানা ইমরান সিকদার, মাওলানা ফারুক আহমদ ভুঁইয়াসহ অনেকে।
বৈঠকে অংশ নেওয়া সাতটি ইসলামী দলের নেতারা ভবিষ্যতে পারস্পরিক ঐক্য ও সমন্বয়ের ভিত্তিতে চলার বিষয়ে একমত হন। সংশ্লিষ্ট নেতাদের ভাষ্য অনুযায়ী, ইসলাম ও দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং ভবিষ্যতেও ঐক্য বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে বৈঠকে জামায়াতে ইসলামীকে নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এ বিষয়ে উপস্থিত কোনো নেতাই প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।
এদিকে বৈঠক-সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, উপস্থিত কয়েকজন নেতা জামায়াতের সঙ্গে জোটভিত্তিক রাজনীতি নিয়ে অনাগ্রহের কথা তুলে ধরেছেন। তবে এ বিষয়ে বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বা বক্তব্য জানানো হয়নি।
সভায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। নেতারা জানান, চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার অসংখ্য পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাই বন্যাদুর্গতদের দ্রুত ত্রাণ সহায়তা ও পুনর্বাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা ও উপজেলা শাখাগুলোকে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং পুনর্বাসন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক, সামাজিক ও ঈমানি দায়িত্ব।



