প্রায় ১০ ঘণ্টা সড়ক অবরোধের পর মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে সরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে তারা অনড় রয়েছেন। রাতেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। সন্ধ্যার দিকে তারা জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন। সংসদের অধিবেশন চলাকালে সেখানে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা।
আন্দোলনকারীদের সরিয়ে দিতে প্রথমে পুলিশ তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিক্ষার্থীরা সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় লাঠিচার্জের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং কিছু সময়ের জন্য তারা ছত্রভঙ্গ হয়ে যান।
পরে আবারও জড়ো হয়ে সংসদ ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। রাত পর্যন্ত তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।
শেষে রাত সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে এক শিক্ষার্থী কর্মসূচি সাময়িক স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, “শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তবে আজকের কর্মসূচি এখানেই স্থগিত করা হলো। রাতেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”



