ইসরাইল ও লেবাননের মধ্যে হওয়া সাম্প্রতিক ফ্রেমওয়ার্ক চুক্তিকে ইসরাইলের জন্য তুলনামূলকভাবে লাভজনক এবং লেবাননের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক নাবিল খুরি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মূল্যায়ন তুলে ধরেন।
নাবিল খুরির মতে, এই চুক্তি দীর্ঘমেয়াদে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে পারবে বলে তিনি মনে করেন না। বরং এটি ভবিষ্যতে সংঘাতের নতুন ক্ষেত্র তৈরি করতে পারে। তার ভাষায়, বর্তমান বাস্তবতায় ইসরাইল এই চুক্তিকে নিজেদের পক্ষে ইতিবাচক হিসেবে দেখলেও, দীর্ঘমেয়াদে এটি তাদের জন্যও স্থায়ী সমাধান বয়ে আনবে না।
তিনি বলেন, চুক্তির ফলে ইসরাইলি সেনাদের ওপর যুদ্ধের চাপ কিছুটা কমতে পারে এবং সীমান্ত থেকে সেনা প্রত্যাহার বা নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে।
চুক্তির বিভিন্ন দিক বিশ্লেষণ করে সাবেক এই মার্কিন কূটনীতিক দাবি করেন, এতে এমন কিছু শর্ত রয়েছে, যার মাধ্যমে ইসরাইল যে লক্ষ্য সামরিকভাবে অর্জন করতে পারেনি বা যার জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, সেই দায়িত্ব এখন লেবাননের সশস্ত্র বাহিনীর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তার মতে, এর মাধ্যমে ইসরাইল পরোক্ষভাবে লেবাননের সেনাবাহিনীকে ব্যবহার করে নিজেদের কৌশলগত উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে।
নাবিল খুরি আরও বলেন, চুক্তি অনুযায়ী লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান পরিচালনার দায়িত্ব লেবাননের সেনাবাহিনীর ওপর বর্তাবে, আর ইসরাইল প্রয়োজনীয় ক্ষেত্রে আকাশপথ থেকে সহায়তা দেবে। যদি বাস্তবে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে তা ইসরাইলের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধায় পরিণত হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
সূত্র: আল জাজিরা।



