আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল এবং নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে দেশের প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এ সভায় আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। পাশাপাশি প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। এছাড়া বোর্ডের আওতাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবরা সভায় অংশ নিয়ে পরীক্ষা আয়োজনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত ও প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন।
সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী জানান, এবার বোর্ডের অধীন আটটি জেলার ২০৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নেবে মোট ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন শিক্ষার্থী।
তিনি বলেন, শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কেন্দ্র সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এবারের এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



