tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদখেলাবিশ্বকাপের আয়োজকরা ‘আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়েছে’

বিশ্বকাপের আয়োজকরা ‘আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়েছে’

চলমান বিশ্বকাপে দারুণ লড়াই করছে ইরান। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই ড্র করে দলটি সংগ্রহ করেছে তিন পয়েন্ট। তবে শেষ ষোলোতে ওঠার ভাগ্য এখনও নির্ভর করছে অন্য ম্যাচের ফলাফলের ওপর। এর মধ্যেই বিশ্বকাপের আয়োজক ও আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ইরানের অধিনায়ক মেহদি তারেমি ও প্রধান কোচ আমির ঘালেনোই।

শুক্রবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইরান। ম্যাচ শেষে সিয়াটলের ড্রেসিংরুমে একটি দীর্ঘ বার্তা লিখে রেখে যান ইরানি ফুটবলাররা।

সেই বার্তায় লেখা ছিল, ‘আমরা ইরান থেকে এসেছি—একটি দেশ, যেখানে হাজার বছরের ইতিহাসে জয়ের চেয়েও সম্মানকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের কাছে ফুটবল শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি চরিত্র ও দৃঢ়তার পরীক্ষা। পয়েন্ট নানা উপায়ে অর্জন করা যায়, কিন্তু সম্মান অর্জন করতে হয়। একটি দল গ্রুপ পর্ব পেরোতে পারে, কিন্তু স্বচ্ছতা ও মর্যাদা থাকলে ইতিহাসের সামনেও মাথা উঁচু করে দাঁড়ানো যায়। ফেয়ার প্লে শুধু একটি শব্দ নয়, এটি ফুটবলের আত্মা। সিয়াটলকে ধন্যবাদ, তাদের আন্তরিক আতিথেয়তার জন্য। ধন্যবাদ সব ইরানি সমর্থকদের, যারা হৃদয় দিয়ে আমাদের পাশে থেকেছেন এবং দেশের জন্য সবকিছু উজাড় করে দিয়েছেন।’

এর আগেও নিউজিল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচ শেষে ড্রেসিংরুমে একই ধরনের বার্তা লিখে রেখেছিল ইরান দল।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহদি তারেমি বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক একটি বিশ্বকাপ। সাধারণত ফিফা বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। কিন্তু শুরু থেকেই আমাদের সমস্যাগুলোর কোনো সমাধান করা হয়নি। নিউজিল্যান্ড ম্যাচের পর ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো ড্রেসিংরুমে এসে বলেছিলেন, “এটি কেবল শুরু।” অথচ গ্রুপ পর্ব শেষ হয়ে গেল, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।’

ইরানের অভিযোগ, দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সাপোর্ট স্টাফ যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় দলের সঙ্গে যোগ দিতে পারেননি। ফলে খেলোয়াড়দের প্রস্তুতি ও দৈনন্দিন ব্যবস্থাপনায় গুরুতর সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

এ বিষয়ে তারেমি বলেন, ‘আমাদের যাতায়াত ও দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিরাই এখানে নেই। তাদের ভিসা দেওয়া হয়নি। প্রতিদিন তিজুয়ানা থেকে যাতায়াত করা বাস্তবসম্মত নয়। আমরা তিজুয়ানার মানুষকে ভালোবাসি, মেক্সিকোকেও সম্মান করি। কিন্তু একটি বিশ্বকাপের মতো পেশাদার টুর্নামেন্টে এ ধরনের আয়োজন গ্রহণযোগ্য হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘যদি তারা আমাদের টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে চায়, সেটি মাঠের খেলায় হোক। কিন্তু এভাবে নয়। রিকভারি ও লজিস্টিকসের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাদের পাশে নেই। বারবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর সমাধান পাইনি।’

একই অভিযোগ করেন ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই। তিনি বলেন, ‘আয়োজকরা আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। যদি আমাদের দুই সপ্তাহ আগে এসে প্রস্তুতির সুযোগ দেওয়া হতো, তাহলে শারীরিক ও মানসিকভাবে আমরা আরও ভালো অবস্থায় থাকতে পারতাম। আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। ফিফার কাছে অনুরোধ, ভবিষ্যতে যেন কোনো দলের সঙ্গে এমন আচরণ না করা হয়।’