tanaka
প্রচ্ছদআদালতগয়েশ্বরের দুর্নীতি মামলার রায় পেছাল, নতুন তারিখ ৪ সেপ্টেম্বর

গয়েশ্বরের দুর্নীতি মামলার রায় পেছাল, নতুন তারিখ ৪ সেপ্টেম্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলার রায়ের তারিখ পিছিয়ে ৪ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩–এর বিচারক মুহা. আবু তাহের এই মামলার রায় ঘোষণার কথা থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করেন তিনি।

এর আগে, যুক্তিতর্ক শেষে আদালত ২৮ আগস্ট রায়ের দিন ধার্য করেছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ৫ জানুয়ারি দুদকের উপ-পরিচালক এস এস মফিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ৫ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এরপর ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি বিচারক মোজাম্মেল হোসেন অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেন।

বিচারপ্রক্রিয়ার সময় অভিযোগপত্রভুক্ত ৪৭ জন সাক্ষীর মধ্যে ২৯ জন সাক্ষ্য দেন।

অভিযোগে বলা হয়েছে, রায়েরবাজারে গয়েশ্বর চন্দ্র রায়ের একটি ছয়তলা বাড়ির নির্মাণ ব্যয় দেখানো হয় ৪০ লাখ ৮০ হাজার টাকা এবং কেরানীগঞ্জে পৈত্রিক জমিতে নির্মিত আরেকটি বাড়ির ব্যয় ১৫ লাখ ৪ হাজার টাকা। তবে গণপূর্ত বিভাগের তদন্তে বাড়ি দুটির প্রকৃত নির্মাণ ব্যয় ধরা হয় আরও ২৫ লাখ ৩৬ হাজার ৫০৫ টাকা বেশি, যা গোপন করা এবং জ্ঞাত আয়ের বাইরে অর্জিত সম্পদ বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এছাড়া, গয়েশ্বরের বাসায় ৫৮ হাজার ৬০০ টাকার ইলেকট্রনিক সামগ্রী পাওয়া যায়, যা তার আয় ও ঘোষণার বাইরে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।