দক্ষিণ কোরিয়া তাদের স্কুল শ্রেণিকক্ষে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের মধ্যে সোশ্যাল মিডিয়া আসক্তি রোধে জাতীয় পরিষদ একটি বিল পাস করেছে, যার ফলে আগামী বছরের মার্চ থেকে শ্রেণিকক্ষে মোবাইল ফোনসহ স্মার্ট ডিভাইস ব্যবহার নিষিদ্ধ হবে। — খবর এএফপির।
দেশটির জাতীয় পরিষদের একজন মুখপাত্র বলেন, এই পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোন নির্ভরতা কমাতে সহায়ক হবে এবং শিক্ষার পরিবেশ আরও সুশৃঙ্খল হবে।
সিউলের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ প্রয়োজন বা শিক্ষামূলক উদ্দেশ্য ছাড়া শ্রেণিকক্ষে স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এই নীতির মাধ্যমে শিক্ষার্থীদের শেখার অধিকার এবং শিক্ষকের পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডসসহ বেশ কিছু দেশও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে।
তবে এই আইন নিয়ে বিতর্কও রয়েছে। বিরোধী দল পিপল পাওয়ার পার্টির সদস্য চো জং-হুনসহ আইনপ্রণেতারা দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা থাকলেও, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, শিক্ষার স্বার্থে প্রযুক্তি ব্যবহারের সীমা নির্ধারণ কোনো অধিকার লঙ্ঘন করে না, বরং এটি শিক্ষার্থীদের মানসিক সুস্থতা রক্ষায় সহায়ক।
বিলটি উত্থাপনকারীরা বলেছেন, স্মার্ট ডিভাইস ব্যবহারের বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভ্রান্তি ও সামাজিক দ্বন্দ্ব কমবে।
তবে বামপন্থি জিনবো পার্টি এবং আরও কিছু গোষ্ঠী আইনটির বিরোধিতা করছে। তাদের মতে, এটি শিক্ষার্থীদের ডিজিটাল অধিকার এবং শিক্ষার স্বাধীনতা খর্ব করবে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই সিদ্ধান্ত কিশোর-কিশোরীদের দায়িত্বশীলতা শেখার সুযোগ থেকে বঞ্চিত করবে এবং ডিজিটাল যুগে টিকে থাকার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াবে।



