ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে ইরানের গোড়ুক শহর ও কেশম দ্বীপে অবস্থিত রাডার এবং ড্রোন স্থাপনাগুলোতে এই হামলা পরিচালনা করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার ঘটনার জবাবে এ অভিযান চালানো হয়। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সেন্টকমের দাবি, অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি একমুখী আক্রমণাত্মক ড্রোন ধ্বংস করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এসব স্থাপনা ও ড্রোন আঞ্চলিক জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছিল।
মার্কিন বাহিনী বলছে, ইরানের ‘আগ্রাসী কর্মকাণ্ডের’ প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। তবে ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।



