tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাট ঘিরে নির্দিষ্ট এলাকায় রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার ব্যাংকটির পক্ষ থেকে তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশনের নির্ধারিত কুরবানির হাটের আশপাশে অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও অস্থায়ী বুথগুলো ২৪ মে থেকে ২৭ মে পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে।

চিঠিতে বলা হয়, ঈদকে কেন্দ্র করে এসব সিটি করপোরেশন এলাকায় হাটগুলোতে বিপুল সংখ্যক ক্রেতা ও ব্যবসায়ীর উপস্থিতি এবং বড় অঙ্কের নগদ লেনদেন হয়। ফলে আর্থিক লেনদেন নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে ব্যাংকিং সেবা জোরদার করা প্রয়োজন।

ব্যাংকগুলোকে বলা হয়েছে, হাটের নিকটবর্তী শাখা বা উপশাখাগুলো স্বীয় বিবেচনায় বিশেষ ব্যবস্থায় খোলা রেখে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে হাট এলাকায় অস্থায়ী বুথ স্থাপন করে নগদ জমা, উত্তোলন এবং নতুন হিসাব খোলার সুবিধা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

এছাড়া অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ ভাতা প্রদানের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

হাটগুলোর মধ্যে রয়েছে—

ঢাকা উত্তর সিটি করপোরেশন (Dhaka North City Corporation)
১. বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা
২. মিরপুর সেকশন-৬ (ইস্টার্ন হাউজিং)
৩. মিরপুর কালশী বালুর মাঠ
৪. ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকা
৫. বাড্ডা থানার স্বদেশ প্রপার্টির খালি জায়গা
৬. পূর্ব হাজীপাড়া (ইকরা মাদ্রাসার পাশে)
৭. উত্তরা দিয়াবাড়ি সংলগ্ন বউ বাজার এলাকা
৮. গাবতলী পশুর হাট
৯. খিলক্ষেত থানাধীন মস্তুল চেকপোস্ট সংলগ্ন এলাকা
১০. বড় বেরাইদ বসুন্ধরা গ্রুপের খালি জায়গা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (Dhaka South City Corporation)
১. কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল পর্যন্ত এলাকা
২. গ্রিন বনশ্রী হাউজিং সংলগ্ন এলাকা
৩. ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ-পূর্ব পাশ
৪. রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকা
৫. পোস্তগোলা শ্মশানঘাটের নদীর পাড়
৬. খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন এলাকা
৭. শিকদার মেডিকেল সংলগ্ন এলাকা
৮. গোলাপবাগ আউটফল স্টাফ কোয়ার্টার
৯. আমুলিয়া মডেল টাউন
১০. সারুলিয়া
১১. সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশ

চট্টগ্রাম সিটি করপোরেশন (Chittagong City Corporation)
১. বিবির হাট
২. সাগরিকা

রংপুর সিটি করপোরেশন (Rangpur City Corporation)
১. লালবাগ সদর হাট

খুলনা সিটি করপোরেশন (Khulna City Corporation)
১. জোড়া হাট

রাজশাহী সিটি করপোরেশন (Rajshahi City Corporation)
১. সিটি হাট

চিঠিতে আরও বলা হয়েছে, ব্যাংকগুলো নিজস্ব বিবেচনায় এসব হাটের কাছাকাছি শাখা ও বুথ নির্বাচন করে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে সেবা চালু রাখবে, যাতে ক্রেতা ও ব্যবসায়ীরা সহজে নগদ লেনদেন করতে পারেন।