ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর প্লে-অফের পূর্ণ সূচি চূড়ান্ত হয়েছে। আজ মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রাজস্থান রয়েলস। এর আগে শেষ চারে জায়গা করে নেয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ।
পয়েন্ট টেবিলের অবস্থান
গ্রুপ পর্বে প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলেছে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সমান ১৮ পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে গুজরাট টাইটান্স। তৃতীয় স্থানে সানরাইজার্স হায়দরাবাদ এবং ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রাজস্থান রয়েলস।
কোয়ালিফায়ার–১
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে কোয়ালিফায়ার–১ ম্যাচে।
২৬ মে ধর্মশালায় খেলবে বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স। এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে, আর পরাজিত দল দ্বিতীয় সুযোগ পাবে কোয়ালিফায়ার–২-এ।
এলিমিনেটর
তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল খেলবে এলিমিনেটর ম্যাচ।
২৭ মে মুল্লানপুরে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়েলস। এই ম্যাচে জয়ী দল এগোবে কোয়ালিফায়ার–২-এ, আর পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।
কোয়ালিফায়ার–২
২৯ মে মুল্লানপুরে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার–২। এখানে মুখোমুখি হবে কোয়ালিফায়ার–১-এর পরাজিত দল এবং এলিমিনেটরের বিজয়ী দল। এই ম্যাচের জয়ী দল ফাইনালে জায়গা করে নেবে।
ফাইনাল
৩১ মে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল ফাইনাল।



