রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বস্তিবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলার মুখে পড়ে প্রাণ বাঁচাতে দৌড়ে সরে যেতে দেখা যায় অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
বুধবার (২০ মে) দুপুরে মিরপুরের কালশীর বাউনিয়াবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয় বস্তিবাসীরা পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বস্তিবাসীদের জন্য নির্মিত ৫৩৩ ফ্ল্যাট প্রকল্পের পশ্চিম পাশে অধিগ্রহণ করা সরকারি জমি এবং পুনর্বাসন জোনের তিন রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তবে স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের বসবাস হলেও কোনো পূর্ব নোটিশ ছাড়াই ঘরবাড়ি ভাঙা শুরু করে প্রশাসন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসিন্দারা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অভিযানের একপর্যায়ে বস্তিবাসীরা একযোগে পুলিশের দিকে ধেয়ে যায়। হামলা ও ইটপাটকেলের মুখে পুলিশ সদস্যদের দৌড়ে সরে যেতে দেখা যায়। তাদের পেছনে ধাওয়া করতেও দেখা যায় কয়েকজন বস্তিবাসীকে।
এ ঘটনায় অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার গণমাধ্যমকে জানান, দুপুর ১২টার দিকে জাতীয় গৃহায়নের দখল করা জায়গা উচ্ছেদ করতে গেলে স্থানীয়রা অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে কয়েকজন সদস্য আহত হন। আহতদের রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, দুপুরের বিরতির পর পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।



