tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিকরিয়েলিটি শোতে গিয়ে ধর্ষণের শিকার ৩ নারী

রিয়েলিটি শোতে গিয়ে ধর্ষণের শিকার ৩ নারী

জনপ্রিয় রিয়েলিটি শো ‘ম্যারিড অ্যাট ফার্স্ট সাইট ইউকে’কে ঘিরে গুরুতর বিতর্ক তৈরি হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়া তিন নারী অভিযোগ করেছেন, শুটিং চলাকালে তারা তাদের অনস্ক্রিন স্বামীদের দ্বারা যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার হয়েছেন। অভিযোগের পর সংশ্লিষ্ট কিছু পর্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও টেলিভিশন সম্প্রচার থেকে সরিয়ে নিয়েছে সম্প্রচারকারী প্রতিষ্ঠান চ্যানেল ফোর।

বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, দুই নারী ধর্ষণের অভিযোগ তুলেছেন এবং আরেক নারী অভিযোগ করেছেন, তার সম্মতি ছাড়া যৌন আচরণ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, অনুষ্ঠানটির নির্মাতা প্রতিষ্ঠান ও সম্প্রচারকারী কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেয়নি।

‘ম্যারিড অ্যাট ফার্স্ট সাইট ইউকে’ অনুষ্ঠানে অপরিচিত নারী-পুরুষকে প্রতীকীভাবে বিয়ে দেওয়া হয়। এরপর তাদের একসঙ্গে বসবাস, সম্পর্ক গড়ে তোলা এবং ব্যক্তিগত জীবন ক্যামেরাবন্দি করা হয়। যুক্তরাজ্যে অনুষ্ঠানটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং প্রতি মৌসুমে লাখো দর্শক এটি অনুসরণ করেন।

অভিযোগকারী নারীদের একজন, ছদ্মনাম ‘লিজি’, দাবি করেন তার অনস্ক্রিন স্বামী বারবার সহিংস আচরণ করতেন এবং একপর্যায়ে তাকে জোরপূর্বক যৌন সম্পর্কে বাধ্য করেন। তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি প্রকাশ করলে তাকে অ্যাসিড হামলার হুমকি দেওয়া হয়েছিল। পরে তিনি অনুষ্ঠানটির ওয়েলফেয়ার টিমকে শরীরে আঘাতের চিহ্নও দেখান।

আরেক অভিযোগকারী, ছদ্মনাম ‘ক্লোই’, বলেন তিনি ঘুমিয়ে থাকার সময় তার সঙ্গে অসদাচরণ করা হয়। পরে তার আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক যৌন সম্পর্ক করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তৃতীয় নারী শোনা ম্যান্ডারসনের অভিযোগ, তার সঙ্গী সম্পর্কের সীমা লঙ্ঘন করেছিলেন। একই সঙ্গে তিনি অনুষ্ঠান কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করে বলেন, অংশগ্রহণকারীদের সুরক্ষায় আরও কার্যকর ব্যবস্থা থাকা উচিত ছিল।

তবে অভিযুক্ত ব্যক্তিরা সব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের আইনজীবীদের দাবি, সব সম্পর্কই পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয়েছিল।

অনুষ্ঠানটির প্রযোজনা প্রতিষ্ঠান সিপিএল জানিয়েছে, অংশগ্রহণকারীদের জন্য মানসিক স্বাস্থ্য মূল্যায়ন, প্রশিক্ষিত ওয়েলফেয়ার টিম এবং মনোবিজ্ঞানীদের সহায়তা রাখা হয়েছিল। তবে অভিযোগ প্রকাশের পর চ্যানেল ফোর একটি স্বাধীন তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে।

সূত্র: বিবিসি