ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টা ১৯ মিনিটের দিকে আদালত ভবনের ওপর থেকে ককটেল নিক্ষেপ করা হলে বিস্ফোরণ ঘটে। এতে এক আইনজীবী আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টা ১৯ মিনিটের দিকে সিএমএম আদালত ভবনের ওপর থেকে ককটেল নিক্ষেপ করা হয়। এতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে আহত আইনজীবীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে এ ঘটনায় সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলায় পরবর্তী সময়ে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।



