সদ্য সমাপ্ত এপ্রিল মাসেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মাসজুড়ে দেশে এসেছে প্রায় ৩.১৩ বিলিয়ন বা ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বর্তমান বাজারদর অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৮ হাজার ১৪৯ কোটি ৪০ লাখ টাকা।
রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছরের এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। সে তুলনায় এবছর উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রবাসী আয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল চলতি বছরের মার্চ মাসে—৩৭৫ কোটি ৫০ লাখ ডলার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে গত বছরের মার্চে, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার।
তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ২০২৫ সালের ডিসেম্বর মাসে, ৩২২ কোটি ৬৬ লাখ ডলার। আর চতুর্থ অবস্থানে রয়েছে চলতি বছরের জানুয়ারি মাস, যেখানে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩১৭ কোটি মার্কিন ডলার।



