মহান মে দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন প্রস্তুতি কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি জানান, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন।
নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা এবং জীবন-জীবিকার নিশ্চয়তাসহ বিভিন্ন দাবি এখনও পূরণ হয়নি। এসব দাবি আদায়ে শ্রমিক দল আন্দোলন অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলেও শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
দলের নির্বাচনী ইশতেহারে শ্রমজীবী মানুষের জন্য দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। তার ভাষ্য, কৃষিশ্রমিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য ইতোমধ্যে কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে ঋণ মওকুফ উল্লেখযোগ্য। পাশাপাশি শ্রম আইন সংশোধনের উদ্যোগ শ্রমিকদের জন্য সহায়ক হয়েছে, তবে আরও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



