লেবানন ও ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা ও পরিস্থিতির অগ্রগতি পর্যালোচনায় জরুরি বৈঠকে বসছে ইসরায়েল। দেশটির সীমিত পরিসরের নিরাপত্তা মন্ত্রিসভার এই বৈঠক স্থানীয় সময় রাত ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
এর আগে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রী ও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে ফোনে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছিলেন বলেও খবর প্রকাশ হয়েছে।
জানা গেছে, বৈঠকে লেবানন সীমান্তের সাম্প্রতিক অবস্থা এবং ইরান সংশ্লিষ্ট সামরিক ও কূটনৈতিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হতে পারে এই বৈঠক।
অন্যদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের দিকে অগ্রসর হওয়ার সময় হিজবুল্লাহর দুই সশস্ত্র সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, আইনাতা শহরে—যা বিন্ট জেবেইল এলাকার কাছে অবস্থিত—এই ঘটনা ঘটে।
আইডিএফের ভাষ্য অনুযায়ী, কমান্ডো ব্রিগেডের সদস্যরা ওই এলাকায় মোতায়েন ছিল। এ সময় তারা দুইজন সশস্ত্র ব্যক্তিকে সেনাদের দিকে এগিয়ে আসতে দেখে এবং তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচনা করে। পরবর্তীতে পরিস্থিতি মোকাবিলায় সেনারা গুলি চালালে ওই দুইজন নিহত হয়।



