চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) রাজস্ব আদায়ের ক্ষেত্রে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯৮ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে সরকার।
এর আগে ৮ মাসে রাজস্ব ঘাটতি ছিল ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ঘাটতি বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে গত মার্চ মাসে রাজস্ব আদায়ে চলতি অর্থবছরের সবচেয়ে কম প্রবৃদ্ধির দেখা মিলেছে। জ্বালানি ঘাটতিসহ বিভিন্ন সংকটে অর্থনীতি যখন বিপদে তখন বড় রাজস্ব ঘাটতি উদ্বেগের।মঙ্গলবার (২১ এপ্রিল) এনবিআরের প্রকাশ করা হালনাগাদ তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ২ লাখ ৫৯ হাজার ৯৯৬ কোটি টাকা ছিল। মার্চ মাস পর্যন্ত রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা। সেই হিসাবে, ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা।



