যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরান আগের তুলনায় আরও দ্রুতগতিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চার আধুনিকায়ন ও পুনরায় সজ্জিত করছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, যুদ্ধবিরতির সময়টিকে কৌশলগতভাবে ব্যবহার করে সামরিক সক্ষমতা জোরদারে মনোযোগ দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, সাক্ষাৎকার প্রচারের সময় মুসাভির একটি সম্পাদিত ভিডিও প্রকাশ করা হয়। এতে তাকে একটি গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করতে দেখা যায়।
মুসাভির দাবি, ইরানের মতো করে প্রতিপক্ষ এই সময়ের মধ্যে তাদের গোলাবারুদের মজুত পুনর্গঠন করতে পারেনি। তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর আগের তুলনায় বর্তমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চার প্যাড আধুনিকায়ন ও পুনরায় প্রস্তুত করার কাজ অনেক দ্রুতগতিতে চলছে।
অন্যদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
রোববার (১৯ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, স্থল, আকাশ ও সমুদ্রপথে যেকোনো আগ্রাসনের জবাব দিতে ইরানের সেনাবাহিনী সর্বদা প্রস্তুত এবং প্রয়োজনে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে।
তিনি আরও জানান, সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা সম্ভাব্য হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাতে সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে সামরিক সক্ষমতা আরও আধুনিক ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আমির হাতামি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ইরানি সেনারা ত্যাগ ও দৃঢ় মনোবল নিয়ে নিজেদের দায়িত্ব পালনে অটল রয়েছে।



