tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বিদায় ১৪৩২, স্বাগত নতুন বছর ১৪৩৩। পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন—এই উপলক্ষে তিনি দেশবাসীসহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তা, ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য প্রতীক। যুগ যুগ ধরে এই দিনটি নতুনের আহ্বান নিয়ে ফিরে আসে এবং মানুষের জীবনে নবউদ্যম সৃষ্টি করে। পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় নববর্ষ।

তিনি বলেন, পহেলা বৈশাখের সঙ্গে এ অঞ্চলের কৃষি, প্রকৃতি ও গ্রামীণ অর্থনীতির গভীর সম্পর্ক রয়েছে। আধুনিক প্রযুক্তির এই যুগেও কৃষকরা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে ফসল উৎপাদনের সময় নির্ধারণ করেন। বৈশাখী মেলা, শোভাযাত্রা ও হালখাতার মতো আয়োজন আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির বহুমাত্রিক রূপকে তুলে ধরে এবং জাতিগত ঐক্যকে সুদৃঢ় করে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে, যা জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় নেতাদের জন্য আর্থিক সহায়তা চালু করা হয়েছে।

তিনি জানান, কৃষি খাতকে শক্তিশালী করতে নববর্ষের প্রথম দিন থেকেই কৃষক কার্ড বিতরণ কর্মসূচি শুরু হয়েছে, যা দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

বার্তায় তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের আলোকে সহনশীলতা, উদারতা ও সম্প্রীতির চর্চা অব্যাহত রাখবে। এতে গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং বহুমতের সহাবস্থান সুদৃঢ় হবে।

বিশ্বব্যাপী চলমান সংকটের প্রেক্ষাপটে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নববর্ষে সবাই যেন সংকীর্ণতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণে কাজ করার অঙ্গীকার করে।

শেষে প্রধানমন্ত্রী দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও শুভেচ্ছা জানান। শুভ নববর্ষ ১৪৩৩।