হরমুজ প্রণালি নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। দেশটির মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অবরোধ আরোপ করতে যাচ্ছে, তা বৈশ্বিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। খবর সিবিএস নিউজের।
প্রতিবেদন অনুযায়ী, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার (১৩ এপ্রিল) এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করে বক্তব্য দেন।
তিনি বলেন, ইরানের বন্দর ও উপকূল ঘিরে ঘোষিত অবরোধ আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে—এটা প্রায় নিশ্চিত। তবে অনেক বিষয় এখনও স্পষ্ট নয় উল্লেখ করে তিনি জানান, এ মুহূর্তে এ নিয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।
রাশিয়ার এই সতর্কতার প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধ কার্যকর করে, তাহলে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি তেল বিশ্ববাজারে প্রবেশে বাধার মুখে পড়তে পারে। এতে আগে থেকেই জ্বালানি সংকটে থাকা বৈশ্বিক বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।
এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা জাহাজগুলোকে নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরু করবে। তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে সব জাহাজ চলাচলের অনুমতি পাবে, তবে বর্তমান বাস্তবতায় ইরান সেই পরিবেশ তৈরি করেনি।
মার্কিন প্রশাসন জানিয়েছে, বাংলাদেশ সময় সোমবার রাত ৮টা থেকে এ অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে।



