চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সংলাপের সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছে মধ্যস্থতাকারী পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সাম্প্রতিক বৈঠকের পর পরিস্থিতি এখন ‘ইতিবাচক’ ও ‘স্বস্তিদায়ক’ পর্যায়ে রয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।
দ্য ডন ও জিও নিউজে দেওয়া বক্তব্যে খাজা আসিফ বলেন, তার মতে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়ার সুযোগ এখনো রয়েছে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বৈঠকের পর যে পরিবেশ তৈরি হয়েছে, তা যথেষ্ট ইতিবাচক এবং স্বস্তিদায়ক।
তিনি আরও বলেন, কোনো ধরনের আগাম মন্তব্য করতে চান না, তবে এখন পর্যন্ত আলোচনার পর কোনো নেতিবাচক দিক সামনে আসেনি। বরং সবদিক থেকেই ইতিবাচক সংকেত পাওয়া যাচ্ছে।
পরবর্তী বৈঠক থেকে বাস্তব অগ্রগতি আসতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী বৈঠক ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে শনিবার (১১ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংলাপ অনুষ্ঠিত হয়। চলমান উত্তেজনা কমানোর লক্ষ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হলেও এতে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। তবে সংলাপ অব্যাহত থাকা কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



