পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানের দূতাবাস এক মার্কিন নারীকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে, যিনি দাবি করেছিলেন তার ছেলেদের একজন যুদ্ধবিমানের পাইলট এবং বর্তমানে নিখোঁজ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওই নারী জানান, তিনি এখনো তার ছেলে বা তার ইউনিটের কোনো খোঁজ পাননি। উদ্বেগ প্রকাশ করে তিনি লিখেন, তার মন উৎকণ্ঠায় ভরে আছে এবং নিখোঁজ পাইলটদের জন্য সবার কাছে দোয়া চান।
এর জবাবে পাকিস্তানে অবস্থিত ইরানি দূতাবাস জানায়, ইরানি হেফাজতে থাকার চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে থাকাই তার ছেলের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। তারা আরও দাবি করে, ইরান বন্দিদের সঙ্গে মর্যাদা ও সম্মানের সঙ্গে আচরণ করে এবং মানবিক আচরণের বিষয়ে তাদের নিজস্ব ঐতিহ্য রয়েছে।
একই ধরনের বার্তা দেয় দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাসও। তারা জানায়, তথাকথিত আধুনিক মানবিক আইন প্রণয়নের বহু আগেই ইরানে যুদ্ধবন্দিদের অধিকার নির্ধারিত ছিল। পাশাপাশি তারা ইঙ্গিত করে, ইরান তাদের প্রতিপক্ষদের মতো বন্দিদের সঙ্গে অমানবিক আচরণ করে না।
এই প্রতিক্রিয়াগুলো আসে ওই নারীর পোস্টের পর, যেখানে তিনি জানান, একটি ভূপাতিত এফ–১৫ যুদ্ধবিমানের দুই পাইলটের জন্য প্রার্থনা করতে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, তার ছেলেও ওই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।
শুক্রবার পৃথক ঘটনায় ইরান দুটি মার্কিন সামরিক বিমান ভূপাতিত করার দাবি করে। একজন ক্রু সদস্যকে উদ্ধার করা হলেও অন্তত একজন এখনো নিখোঁজ বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, পারস্য উপসাগরে সংঘর্ষের পর একটি মার্কিন এ–১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
তবে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি গুলি করে নামানো হয়েছে নাকি অন্য কোনো কারণে বিধ্বস্ত হয়েছে—তা এখনো নিশ্চিত নয়।
এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ফুটেজে দেখা গেছে, নিখোঁজ পাইলটের সন্ধানে সংশ্লিষ্ট এলাকায় মার্কিন ড্রোন, বিমান ও হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর অভিযানের পর থেকে ইরান ও তাদের প্রতিপক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এর পর থেকেই উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলার দাবি করে আসছে।
যুদ্ধের এই সময় পর্যন্ত ইরানে ১ হাজার ৯০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। অপরদিকে ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে প্রাণহানির ঘটনা ঘটেছে; ইসরাইলে ১৯ জন এবং যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।
সূত্র: এনডিটিভি



