কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ব্যবহারে সীমিত পরিসরে শিথিলতা এনেছে ইরান। দেশটির সরকার অত্যাবশ্যকীয় পণ্যবাহী জাহাজকে নির্দিষ্ট শর্তে এই নৌপথ ব্যবহার করার অনুমতি দিয়েছে। শনিবার (৪ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
তাসনিমের প্রকাশিত একটি চিঠির উদ্ধৃতি অনুযায়ী, ইরানের বন্দরের উদ্দেশ্যে যেসব জাহাজ বর্তমানে ওমান উপসাগরে অবস্থান করছে, তারা নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল মেনে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে।
এর আগে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়। দীর্ঘ অচলাবস্থার পর জরুরি পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে এই সিদ্ধান্তে প্রণালিটি পুরোপুরি উন্মুক্ত করা হয়নি। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজগুলোকে ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত কঠোর নিয়মাবলী মেনে চলতে হবে। মূলত খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি পণ্যের সরবরাহ সচল রাখতেই তেহরান এ পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে জ্বালানি ও পণ্য সরবরাহ নিয়ে বৈশ্বিক উদ্বেগের মধ্যেই ইরানের এ নতুন নির্দেশনা এসেছে।
সূত্র: রয়টার্স।



