‘সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’—এমন অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য।
নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবারের মতো রাজপথে কর্মসূচি পালন করল সংসদের বিরোধী জোট।
শনিবার (৪ এপ্রিল) বিকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকাল সোয়া পাঁচটার আগ থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুন ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেন। তারা সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, ভোটের পর বিএনপি জনগণের রায় উপেক্ষা করছে।
তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠন বৈধ হলেও সেই জনগণের ভোটে সংস্কারকে অবৈধ বলা—এ ধরনের দ্বিচারিতা দেশের মানুষ মেনে নেবে না।
এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, গণভোটকে অবজ্ঞা করে জাতিকে অপমান করেছে বিএনপি।
সরকার জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথ ও সংসদ—উভয় জায়গাতেই প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।



