বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসেই জাতীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার তিনি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, সকাল ১০টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা হবেন তিনি। সকাল ১০টা ৫৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাবেন।
এরপর সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার পথে রওনা হয়ে সোয়া ১২টার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি এবং বেগম খালেদা জিয়া-র সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করবেন তিনি।
দুপুর ১২টা ৪০ মিনিটে সচিবালয়ের উদ্দেশে রওনা হয়ে দুপুর ১টায় সেখানে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সচিবালয়ে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায়ের পর বিকাল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন তিনি। বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণেরও সূচি রয়েছে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তিনি গত মঙ্গলবার শপথ নেন।
অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এতে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। পাশাপাশি মন্ত্রী মর্যাদায় পাঁচজন এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় আরও পাঁচজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে।



