প্রায় দুই যুগ পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দেন এ বিজয়ে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। একই সঙ্গে শপথ নিয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো নতুন বিএনপি সরকারের।
এর আগে খালেদা জিয়ার নেতৃত্বে ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সর্বশেষ ক্ষমতায় এসেছিল বিএনপি। সে সময় ১৯৩টি আসন পেয়ে বিপুল জয় লাভ করে দলটি। বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয় এবং বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া।
পরবর্তীতে ২০০৭ সালের ১১ জানুয়ারি রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে জরুরি অবস্থা জারি হয়। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হন তারেক রহমান। কারাবন্দি অবস্থায় তিনি শারীরিক নির্যাতনের শিকার হন বলে দলীয় সূত্রে দাবি করা হয়। প্রায় আঠারো মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য পরিবারসহ লন্ডনে যান তিনি। সেখানে প্রায় সতের বছর অবস্থান করে দলের কার্যক্রম পরিচালনা করেন, অনেক ক্ষেত্রে অনলাইন মাধ্যমেই নেতৃত্ব দেন।
নির্বাচন প্রস্তুতিকালে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তায় গত ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরে আসেন তারেক রহমান। দেশে ফেরার পর দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে সংবর্ধনা পান তিনি। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে এবং সরাসরি নেতৃত্ব দিয়ে বিএনপিকে বিজয়ের পথে নিয়ে যান তিনি। ২১২টি আসনে জয় পেয়ে বিএনপি জোট সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। শান্তিপূর্ণ নির্বাচন শেষে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। প্রায় তিন দশক পর তিনি দেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব গ্রহণ করলেন।
নির্বাচনের প্রায় এক মাস আগে খালেদা জিয়ার মৃত্যুর পর দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। চলতি বছরের ৯ জানুয়ারি জাতীয় স্থায়ী কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে তাকে চেয়ারম্যান পদে অভিষিক্ত করা হয়। এর আগে ২০১৮ সালে একটি মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি হওয়ার পর থেকেই লন্ডনে অবস্থানকালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
রাজনৈতিক জীবনে ২০০২ সালে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করেন খালেদা জিয়া। পরে ২০০৯ সালে দলের পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান হিসেবে ২২ জানুয়ারি সিলেটে নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান। তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা জারনাজ রহমানও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।



