tanaka
প্রচ্ছদঅন্যান্যকেমন হবে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা

কেমন হবে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা

নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অন্যদিকে সংসদে কার্যকর ও সক্রিয় বিরোধী ভূমিকা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জোটের নেতারা বলছেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং রাষ্ট্র পরিচালনায় নীতিগত ভারসাম্য আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। আইনজ্ঞদের একাংশও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ছায়া মন্ত্রিসভা হলো বিরোধী দলের গঠিত একটি বিকল্প মন্ত্রিসভা কাঠামো, যেখানে সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ‘ছায়া মন্ত্রী’ দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্ট ছায়া মন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয়ের নীতি, কার্যক্রম ও ব্যয়ের ওপর নজর রাখেন, প্রয়োজন হলে সমালোচনা করেন এবং বিকল্প প্রস্তাব দেন। এর মাধ্যমে সরকারের কর্মকাণ্ডের ওপর নিয়মিত পর্যবেক্ষণ ও নীতিগত পর্যালোচনার সুযোগ সৃষ্টি হয়।

বিশ্বের বহু সংসদীয় গণতন্ত্রে ‘ছায়া মন্ত্রিসভা’ একটি সুপরিচিত কাঠামো। মূলত বিরোধী দল সরকারকে কার্যকরভাবে পর্যবেক্ষণ ও চ্যালেঞ্জ জানাতে এ ধরনের সমান্তরাল মন্ত্রিসভা গঠন করে। এই পদ্ধতি বিশেষভাবে প্রচলিত যুক্তরাজ্যভিত্তিক ওয়েস্টমিনস্টার ধারার গণতন্ত্রে। সেখানে প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে বিরোধী দলের একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি থাকেন, যিনি সংশ্লিষ্ট মন্ত্রীর সিদ্ধান্ত, নীতি ও কর্মকাণ্ড বিশ্লেষণ করেন এবং সংসদে বিতর্কের সময় সরাসরি জবাব দেন। একই সঙ্গে বিকল্প নীতির প্রস্তাবও তুলে ধরেন।

ছায়া মন্ত্রিসভা কীভাবে গঠিত হবে—এ প্রসঙ্গে জামায়াতের শীর্ষ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন মন্ত্রিসভা গঠন করে, তেমনি বিরোধী দলও একটি সমান্তরাল বা ছায়া মন্ত্রিপরিষদ গঠন করতে পারে। এর কাজ হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পর্যবেক্ষণ, গঠনমূলক সমালোচনা এবং প্রয়োজনে সহযোগিতা করা। তার ভাষায়, “যা ভালো, তা সমর্থন করব; আর যেখানে সংশোধনের প্রয়োজন, তা যুক্তি ও তথ্যসহ তুলে ধরব।”

তিনি জানান, প্রাথমিকভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এর মধ্যে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, জনপ্রশাসন, আইন, প্রতিরক্ষা, স্থানীয় সরকার ও বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে। এসব খাতে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হবে বলে জানান তিনি। তার মতে, রাষ্ট্র পরিচালনা শুধু সরকারের একার বিষয় নয়; বিরোধী দলে যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্ব থাকলে গণতন্ত্র আরও শক্তিশালী হয়। ছায়া মন্ত্রিসভা সেই প্রাতিষ্ঠানিক কাঠামো, যা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হতে পারে।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক বিচারক ড. শাহজাহান সাজু বলেন, ছায়া মন্ত্রিসভা জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার মতে, এ কাঠামো মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি জনবান্ধব নীতির বিকল্প প্রস্তাব উপস্থাপনের সুযোগ দেয়। তবে তিনি স্পষ্ট করেন, ছায়া মন্ত্রিসভার প্রস্তাব গ্রহণে সরকার বাধ্য নয়। সরকার যদি প্রস্তাবগুলো রাষ্ট্রের জন্য উপযোগী মনে করে, তবে তা গ্রহণ করবে; অন্যথায় নাও করতে পারে। অর্থাৎ, এটি মূলত নীতিগত ও রাজনৈতিক চাপ সৃষ্টির একটি কাঠামো, যার মাধ্যমে বিকল্প চিন্তা ও সমালোচনার ক্ষেত্র তৈরি হয়, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতেই থাকে।

একই মত প্রকাশ করেন সাবেক জেলা ও দায়রা জজ ড. আবুল হোসেন খন্দকার। তিনি বলেন, দেশে সরকারের কর্মকাণ্ডের সমালোচনার কার্যকর প্ল্যাটফরমের অভাব রয়েছে। তার ভাষায়, সমালোচনা মানেই বিরোধিতা নয়; বরং এটি নীতি-নির্ধারণে সংশোধন, ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। গঠনমূলক সমালোচনা না থাকলে সুশাসন ব্যাহত হতে পারে। তার মতে, এ প্রেক্ষাপটে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা ‘ওয়াচডগ’-এর ভূমিকা পালন করতে পারে। এতে প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়মিত পর্যালোচনার আওতায় আসবে, নীতিগত প্রতিযোগিতা বাড়বে এবং বিকল্প প্রস্তাব সামনে আসবে—যা শেষ পর্যন্ত গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।