বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক ও নিরঙ্কুশ জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফাসিহ উল্লাহ খান জানিয়েছেন, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে আলাপে পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে নির্বাচনে বিএনপির বিজয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান শেহবাজ শরিফ। এছাড়া, তিনি শান্তিপূর্ণ ও সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান।
উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ আলাপে দুই নেতা সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার ভূমিকার প্রশংসা করেন। এসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। বিএনপি চেয়ারম্যানও এ আমন্ত্রণের প্রতিউত্তর দেন।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি বার্তায় শাহবাজ শরিফ তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি লেখেন, “বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমাদের ঐতিহাসিক ও বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে আমি আগ্রহী।”



