tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশভোটে প্রভাব খাটিয়ে কাউকে জয়ী হতে দেওয়া হবে না: সারজিস আলম

ভোটে প্রভাব খাটিয়ে কাউকে জয়ী হতে দেওয়া হবে না: সারজিস আলম

পঞ্চগড়-১ আসনের আলোচিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভোটে কোনো ধরনের প্রভাব খাটিয়ে কাউকে জয়ী হতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তার বাবা আক্তারুজ্জামান ও ভাই শাহাদাত হোসেন সাকিবও একই কেন্দ্রে ভোট দেন। তারা একসঙ্গে কেন্দ্রে এসে কিছু সময় অবস্থান করেন।

সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সারজিস আলম কেন্দ্রের বাইরে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্ধারিত লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর ভোট দেন।

ভোটদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে তিনি ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক ‘শাপলা কলি’-তে ভোট দিয়েছেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, “আমরা নতুন গণতন্ত্রের প্রত্যাশায় ভোট দিয়েছি। শেষ পর্যন্ত যেন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেটাই চাই। জনগণের ভোট ও মতামতের প্রতি সবার আস্থা থাকা জরুরি।”

তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা—প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পেশাদার আচরণ প্রত্যাশা করেন। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সহনশীল আচরণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সারজিস অভিযোগ করে বলেন, গত কয়েক দিন ধরে পঞ্চগড়-১ আসনের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটারদের বাধা দেওয়া, হুমকি দেওয়া ও ভীতির পরিবেশ তৈরির অভিযোগ রয়েছে। তবে নির্বাচনের দিন যেন এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, “আমরা অভিযোগ করতে আসিনি। আমরা চাই, এমন পরিবেশ থাকুক যাতে অভিযোগ করার প্রয়োজন না পড়ে। প্রশাসন যদি সুষ্ঠু ভোট উপহার দিতে পারে, আমাদের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকবে না। কিন্তু কোথাও যদি পেশিশক্তি প্রয়োগ, ভোটকেন্দ্রে বাধা বা ফলাফল প্রভাবিত করার চেষ্টা দেখা যায়, তাহলে প্রথমে আমরা প্রশাসনের ওপর আস্থা রাখবো। তারা ব্যর্থ হলে আমরা স্পষ্ট করে বলছি—ভোটে প্রভাব খাটিয়ে কাউকে জয়ী হতে দেওয়া হবে না।”

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল্লাহ জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ কেন্দ্রে মোট ভোটার ৫ হাজার ৯৬৯ জন; এর মধ্যে পুরুষ ৩ হাজার ৪১ জন এবং নারী ২ হাজার ৯২৮ জন।

পঞ্চগড়-1 আসনে সারজিস আলমের সঙ্গে আরও ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির উল্লেখযোগ্য। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এবং সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুইটি আসন নিয়ে গঠিত পঞ্চগড় জেলায় মোট ২৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ২৯টি কেন্দ্রকে বিশেষ গুরুত্বপূর্ণ এবং ২৫৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পঞ্চগড়-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন এবং কেন্দ্র ১৫৫টি। পঞ্চগড়-২ আসনে ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন এবং কেন্দ্র ১৩১টি।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় জেলায় ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৮০০ সেনা সদস্য, ৮৫০ বিজিবি সদস্য, ১২০০ পুলিশ সদস্য, ৭৮ জন আনসার ব্যাটালিয়ন সদস্য এবং প্রতি কেন্দ্রে ১৩ জন করে মোট ৩ হাজার ৭৩১ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে।