tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়যে পাঁচ প্রযুক্তিতে ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন

যে পাঁচ প্রযুক্তিতে ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পাঁচটি প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেলের মাধ্যমে সার্বক্ষণিকভাবে সারা দেশের ভোট পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা প্রায় ১০টা ৪৫ মিনিটে নির্বাচন ভবনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেলে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ৭টা থেকে বিভিন্ন উৎস থেকে আসা ভিডিও ফিড পর্যবেক্ষণে ব্যস্ত রয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা।

ইসি সূত্রে জানা গেছে, যে পাঁচ প্রযুক্তির মাধ্যমে ভোট পর্যবেক্ষণ করা হচ্ছে সেগুলো হলো— ভোটকেন্দ্রে স্থাপিত ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যবহৃত বডি-ওর্ন ক্যামেরা, ড্রোন, বাংলাদেশ বিমান বাহিনীর মানুষবিহীন আকাশযান (ইউএভি) এবং ‘নির্বাচন সুরক্ষা’ নামের মোবাইল অ্যাপ।

এসব প্রযুক্তির সহায়তায় কেন্দ্রভিত্তিক ভিডিওচিত্র ও তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ইসির তথ্য অনুযায়ী, নজরদারি জোরদারে দেশের ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটগ্রহণে দায়িত্ব পালন করছেন পাঁচ লাখেরও বেশি পোলিং কর্মকর্তা। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে বডি-ওর্ন ক্যামেরাও সংযুক্ত রয়েছে।

দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশন সতর্ক করে জানিয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি, ভোটকেন্দ্রে বাধা প্রদান, ভোট কেনাবেচা কিংবা জাল ভোট দেওয়ার মতো অপরাধ কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।