পাকিস্তান-শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) প্রেসিডেন্ট ব্যারিস্টার সুলতান মাহমুদ চৌধুরী আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার ইসলামাবাদে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। এ তথ্য নিশ্চিত করেছে এজেকে প্রেসিডেন্ট কার্যালয়। খবর প্রকাশ করেছে আরব নিউজ।
এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববার বিকেল ৪টায় মীরপুর ক্রিকেট স্টেডিয়ামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
সুলতান মাহমুদ চৌধুরী ছিলেন কাশ্মীরের একজন প্রবীণ ও প্রভাবশালী রাজনীতিক। ২০২১ সালে তিনি আজাদ জম্মু ও কাশ্মীরের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি একাধিকবার আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক শোকবার্তায় তিনি বলেন, “সুলতান মাহমুদ চৌধুরী আজাদ কাশ্মীরের জনগণের সেবায় সারাজীবন নিজেকে নিয়োজিত রেখেছেন। কাশ্মীর ইস্যুতে তিনি ছিলেন একজন দূরদর্শী ও আপসহীন নেতা।”
১৯৫৫ সালের ৯ আগস্ট মীরপুর জেলার চিচিয়ান গ্রামে জন্মগ্রহণ করেন সুলতান মাহমুদ চৌধুরী। রাওয়ালপিন্ডিতে প্রাথমিক শিক্ষা শেষে তিনি যুক্তরাজ্যে গিয়ে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে দেশে ফিরে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি মুসলিম কনফারেন্স, পাকিস্তান পিপলস পার্টির এজেকে শাখা এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এজেকে শাখার নেতৃত্বও দিয়েছেন।
এজেকে প্রেসিডেন্ট কার্যালয়ের তথ্যমতে, আন্তর্জাতিক অঙ্গনে কাশ্মীর ইস্যু তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লন্ডন, নিউইয়র্ক, ব্রাসেলস ও বার্লিনসহ বিশ্বের বিভিন্ন শহরে আয়োজিত বিক্ষোভ ও কর্মসূচিতে তিনি নেতৃত্ব দেন। তিনি ছিলেন একমাত্র এজেকে নেতা, যিনি ভারত-শাসিত কাশ্মীর সফরের অনুমতি পেয়েছিলেন এবং শ্রীনগরের লালচকে আয়োজিত এক জনসভায় বক্তব্য প্রদান করেন।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আরও বলেন, “কাশ্মীরিদের ওপর ভারতের নিপীড়নের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। কাশ্মীর প্রশ্নে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
prothomnews24.com



