বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বানচাল ও ভণ্ডুল করার জন্য একটি মহল সব সময় চেষ্টা চালিয়ে যায়। তবে এবার আর তা সম্ভব হবে না। দেশের মানুষ জেগে উঠেছে—ভোট আমরা দেবই, আর তা কেউ ঠেকাতে পারবে না।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ভোটের দিন সবাইকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। হিন্দু-মুসলমান নির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। কেউ যেন দুষ্টামি করার সাহস না পায়—সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
তিনি আরও বলেন, আগামী ১২ তারিখে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের ব্যানার হাতে নিয়ে সবাইকে মাঠে নামতে হবে।
পথসভা চলাকালে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। ঠাকুরগাঁওয়ের শহীদ মামুনের বোন তার মাটির ব্যাংকে সঞ্চিত অর্থ এবং নিজ হাতে পালিত মুরগির কিছু ডিম বিএনপি মহাসচিবের হাতে তুলে দেন। এতে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন, যা উপস্থিত জনতার মাঝেও গভীর আবেগের সঞ্চার করে।



