নওগাঁর মহাদেবপুর উপজেলায় ড্রামট্রাকের চাপায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাঠকাঠি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়ার পথে একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। ভোর ৫টার দিকে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন।



