গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) নর্থ কিভু প্রদেশের রুবায়া কোলটান খনিতে ভয়াবহ ধসে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিদ্রোহীদের নিয়োগ করা প্রাদেশিক গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা এ তথ্য জানান। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
রুবায়া খনি থেকে বিশ্বের মোট কোলটান উৎপাদনের প্রায় ১৫ শতাংশ সরবরাহ করা হয়। এই কোলটান প্রক্রিয়াজাত করে ট্যান্টালাম তৈরি করা হয়, যা একটি তাপ-সহনশীল ধাতু। মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশযান নির্মাণের উপাদান এবং গ্যাস টারবাইন তৈরিতে এই ধাতুর ব্যাপক ব্যবহার রয়েছে।
স্থানীয়রা প্রতিদিন মাত্র কয়েক ডলারের বিনিময়ে হাতে খননকাজ করেন এই খনিতে। ২০২৪ সাল থেকে খনিটি এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। গত বুধবার (২৮ জানুয়ারি) খনিটিতে এই মর্মান্তিক ধসের ঘটনা ঘটে।
গভর্নরের মুখপাত্র মুইসা জানান, ভূমিধসে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খনি শ্রমিকদের পাশাপাশি নারী ও শিশুও রয়েছে। সময়মতো কিছু মানুষকে উদ্ধার করা সম্ভব হলেও তারা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে অন্তত ২০ জন আহত ব্যক্তি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, বর্ষাকালে নর্থ কিভু প্রদেশে মাটি অত্যন্ত নরম ও ভঙ্গুর হয়ে পড়ে। ভুক্তভোগীরা খনির গর্তের ভেতরে কাজ করার সময়ই মাটি ধসে পড়ে তাদের ওপর। এদিকে গভর্নরের এক উপদেষ্টা জানিয়েছেন, নিহতের সংখ্যা কমপক্ষে ২২৭ জন। গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য দেন।
জাতিসংঘের অভিযোগ অনুযায়ী, এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠী রুবায়ার খনিজ সম্পদ লুট করে তা বিদ্রোহী কর্মকাণ্ডে অর্থায়নের জন্য ব্যবহার করছে, যা প্রতিবেশী দেশ রুয়ান্ডা সরকারের সমর্থনে পরিচালিত হচ্ছে। তবে রুয়ান্ডার রাজধানী কিগালি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।



