মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে সেলাঙ্গর রাজ্যের গোম্বাক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯ দেশের মোট ১৪৭ জন প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জিম)। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, নাইজেরিয়া ও চীনের নাগরিক রয়েছেন।
ভোর হওয়ার আগেই আবাসিক এলাকা, নির্মাণকাজের স্থান এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ঘিরে সাঁড়াশি অভিযান শুরু করা হয়। অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি পুলিশ, স্থানীয় প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মোট ১৭৭ জন কর্মকর্তা অংশ নেন।
সেলাঙ্গর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক তুয়ান খাইররুল আমিনুস বিন কামারুদ্দিন জানান, অবৈধ প্রবাসী ও নথিবিহীন শ্রমিক নিয়োগের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে আরও বড় পরিসরে পরিচালিত হবে।
আটক সবাইকে প্রাথমিক যাচাই ও তদন্তের জন্য সেমেন্যিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। কাগজপত্রে অনিয়ম প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বহিষ্কার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।



