সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। প্রবাসী কর্মীদের যাতায়াতকে আরও সহজ ও সাশ্রয়ী করতে সৌদি আরব–বাংলাদেশ রুটে একমুখী বিমানের টিকিটের ভাড়া মাত্র ২০ হাজার টাকায় নির্ধারণের একটি যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশেষ ব্যবস্থার ফলে প্রবাসীরা স্বল্প খরচে পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই উদ্যোগের আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে একদিকে প্রবাসী কর্মীরা উপকৃত হবেন, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর্থিকভাবে উল্লেখযোগ্য লাভবান হবে।
তিনি আরও বলেন, হজ মৌসুমে সাধারণত বিমান একমুখী যাত্রী নিয়ে সৌদি আরবে গেলেও ফেরার পথে অনেক ফ্লাইট ফাঁকা থাকে। এবার সেই ফাঁকা ফ্লাইটগুলোকে কার্যকরভাবে কাজে লাগানো হবে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটি টাকারও বেশি অতিরিক্ত আয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এই বিশেষ ব্যবস্থার আওতায় মদিনা–ঢাকা ও জেদ্দা–ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। পাশাপাশি মদিনা–ঢাকা–মদিনা এবং জেদ্দা–ঢাকা–জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া হবে ৪২ হাজার টাকা।
বাংলাদেশে আসার ক্ষেত্রে এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে ১৮ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত। আর বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার ক্ষেত্রে সুবিধাটি পাওয়া যাবে ৩০ মে ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।
এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সময়োপযোগী এই পদক্ষেপ গ্রহণের জন্য তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “ভবিষ্যতে এ ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা আরও সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।”
তবে অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি সতর্ক করে বলেন, “আগেও প্রবাসীদের সুবিধায় ভালো উদ্যোগ নেওয়া হলেও সঠিক তদারকির অভাবে অনেক সময় তা টেকসই হয়নি। তাই এই উদ্যোগটি যেন শতভাগ কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”



