আসন্ন গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো ধরনের প্রচারণায় অংশ না নিতে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা নির্দেশনা কার্যকর করতে সব মন্ত্রণালয়কে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটকে সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনো পক্ষের পক্ষে প্রচার-প্রচারণায় যুক্ত হওয়া দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ কারণে ‘হ্যাঁ’ কিংবা ‘না’—কোনো পক্ষের পক্ষেই প্রচারণায় অংশ না নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, গণভোটে নিরপেক্ষতা বজায় রাখতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি বা পরোক্ষভাবে কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না।
ইসির নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে শুক্রবার গণমাধ্যমকে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের প্রচার সংক্রান্ত নির্দেশনা সব পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যে বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে অনেকেই জেনেছেন। এখন অফিসিয়ালি নির্দেশনা দেওয়া হবে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে কার্যকর করা হবে।”
এদিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক বলেন, পূর্বে নির্দিষ্ট বিধিনিষেধ না থাকায় কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় যুক্ত হয়েছিলেন। তবে নির্বাচন কমিশন স্পষ্ট বিধিনিষেধ আরোপ করায় এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষের পক্ষেই প্রচারণায় অংশ নেবেন না।
proppthomnews24.com/moha



