নিজের পরিকল্পনার মাত্র ৩০ শতাংশ বাস্তবায়ন করতে পারলেও দেশের মানুষের সমর্থন পাওয়া যাবে—এমন আত্মবিশ্বাস প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। দেশে ফেরার পর এটিই ছিল তারেক রহমানের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার, যা বুধবার প্রকাশ করেছে টাইম।
সাক্ষাৎকারে দেশে ফেরার উদ্দেশ্য, ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা, নিজের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলা, শেখ হাসিনার শাসনামল, এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়েও খোলামেলা কথা বলেন বিএনপি চেয়ারম্যান।
টাইম ম্যাগাজিন তারেক রহমানকে এমন এক নেতা হিসেবে তুলে ধরেছে, যিনি ‘রাজকীয় উত্তরসূরি’ হয়েও দীর্ঘ নির্বাসনে থেকে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন। প্রতিবেদনে বলা হয়, তিনি এখন আর কেবল একটি রাজনৈতিক দলের নেতা নন; বরং নিজেকে পরিবর্তনের রূপকার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন।
ঢাকার দেয়ালে আঁকা গ্রাফিতির মতো তার রাজনৈতিক ভাষ্যও ‘নতুন বাংলাদেশ’-এর কথা বলে—যেখানে বিচার বিভাগ হবে স্বাধীন এবং সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার থাকবে সুরক্ষিত। টাইমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। দেশের মানুষ তার ওপর যে আস্থা রেখেছে, সেটিই রাজনীতিতে থাকার প্রধান প্রেরণা। তিনি জোর দিয়ে বলেন, শুধু পারিবারিক পরিচয়ের কারণে নয়, বরং দলের সমর্থনেই তিনি নেতৃত্বে এসেছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তারেক রহমান পরিষ্কারভাবে এগিয়ে থাকা প্রার্থী। সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী, তার নেতৃত্বাধীন বিএনপির প্রতি প্রায় ৭০ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সমর্থন মাত্র ১৯ শতাংশ। তবে এর পাশাপাশি কিছু উদ্বেগের বিষয়ও উঠে এসেছে।
অতীতের বিএনপি শাসনামলে দুর্নীতির অভিযোগ, বিশেষ করে আলোচিত বৈদ্যুতিক খাম্বা বিতর্ক এখনো তারেক রহমানকে তাড়া করছে বলে উল্লেখ করেছে টাইম।
তবে সব ধরনের দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তারেক রহমান। তার ভাষ্য, আগের মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যা অন্তর্বর্তী সরকার বাতিল করেছে। তিনি বলেন, কেউ অপরাধ করলে বিচার হবে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়।
প্রায় ৩ হাজার ৩০০ শব্দের বিশাল প্রতিবেদনে টাইম বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিও বিশ্লেষণ করেছে। উচ্চ মূল্যস্ফীতি, টাকার মানের অবনতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং যুব বেকারত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করলেও সেই অনুপাতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না—যা তারেক রহমানের জন্য বড় পরীক্ষায় পরিণত হতে পারে বলে মন্তব্য করেছে টাইম।
দেশে ফেরার পর থেকেই তারেক রহমান বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরছেন। এর মধ্যে রয়েছে ১২ হাজার মাইল খাল খনন, ভূমি অবক্ষয় রোধে বছরে ৫ কোটি গাছ রোপণ, ঢাকায় ৫০টি উন্মুক্ত সবুজ স্থান গড়ে তোলা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, প্রবাসী শ্রমিকদের দক্ষতা বাড়াতে কারিগরি কলেজ পুনর্গঠন এবং ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ।
টাইম ম্যাগাজিনকে তিনি বলেন, “আমি যে পরিকল্পনাগুলো করেছি, তার মাত্র ৩০ শতাংশও যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি নিশ্চিত—দেশের মানুষ আমাকে সমর্থন দেবে।”
সাক্ষাৎকারে লন্ডনে নির্বাসিত জীবনের কথাও স্মরণ করেন তারেক রহমান। তিনি জানান, রিচমন্ড পার্কে হাঁটাহাঁটি করা, গভীর চিন্তায় ডুবে থাকা এবং ইতিহাসের বই পড়াই ছিল তার প্রিয় সময় কাটানোর উপায়। প্রিয় সিনেমা হিসেবে তিনি উল্লেখ করেন ‘এয়ার ফোর্স ওয়ান’।
বিএনপি চেয়ারম্যান বলেন, “আমি সম্ভবত সিনেমাটি আটবার দেখেছি।”



