বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। শুধু চাকরির সুযোগ তৈরি করাই নয়, যুবসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই দলের লক্ষ্য। তিনি বলেন, “যাতে আপনারা মধ্যপ্রাচ্য, লন্ডন কিংবা বিশ্বের যেকোনো দেশে গেলে দ্রুত কর্মসংস্থানের সুযোগ নিতে পারেন—সেই দক্ষতাও আমরা তৈরি করে দেব।”
তিনি আরও বলেন, নারীদের উন্নয়নেও বিএনপি বিশেষ গুরুত্ব দেবে। ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, যা নারীদের নামে ইস্যু করা হবে। পরিবারের মায়েরা এই কার্ডের অধিকারী হবেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে, যাতে তারা সংসার সুন্দরভাবে পরিচালনা করতে পারেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শেরপুরের আইনপুর মাঠে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গৌউছ ও মিফতাহ উদ্দিন সিদ্দিকি।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেন, “আমরা ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। পাশাপাশি কৃষকদের উন্নয়নে চালু করা হবে ‘কৃষি কার্ড’। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ঋণ, সার, বীজ ও কৃষি বিমা সুবিধা পাবেন, যাতে সংকটময় সময়ে তারা সহজেই ঘুরে দাঁড়াতে পারেন।”
এ সময় বক্তব্য দেন মৌলভীবাজার জেলার চারটি আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা—মৌলভীবাজার-৩ আসনের এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের হাজী মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার-২ আসনের শওকতুল ইসলাম শকু এবং মৌলভীবাজার-১ আসনের নাসির উদ্দিন মিঠু।
জনসভায় জেলার সাতটি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে শেরপুরের আইনপুর মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে। সকাল থেকেই সমাবেশস্থলে মানুষের উপস্থিতি শুরু হয় এবং দুপুরের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা থেকে নেতাকর্মীদের ঢল নামে।
দীর্ঘদিন পর জনসভায় তারেক রহমানের সরাসরি উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। এ জনসভায় তিনি জেলার চারটি আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। উল্লেখ্য, ২০০৫ সালে প্রথমবার মৌলভীবাজারে আসেন তারেক রহমান। সর্বশেষ ২০১৮ সালে শেরপুরে পথসভা এবং ২০০৪ সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভার পর এটিই তাঁর প্রথম বড় জনসভা।



