ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা ঘিরে উদ্ভূত সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজধানীর মিরপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
বার্তায় বলা হয়, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর এলাকায় বিজিবি সদস্যদের টহল ও মোতায়েন কার্যক্রম জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার বিকেলে মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে এক বিশাল জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনসভায় দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন থাকায় পুরো মিরপুর এলাকায় এখন বাড়তি নিরাপত্তা ও কড়াকড়ি নজরদারি চলছে।



