নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বহাল থাকল না।
বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। যদিও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা প্রাথমিক যাচাইয়ে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছিলেন, তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
আপিলে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়া সত্ত্বেও সেই তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। উভয় পক্ষের শুনানি শেষে নির্বাচন কমিশন এনসিপি প্রার্থীর আপিল মঞ্জুর করে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার (১৯ জানুয়ারি) হাইকোর্টে রিট আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী এবং ওই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ চান। তবে হাইকোর্ট তার আবেদন খারিজ করে দেন।



