tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিনাহিদ ও পাটওয়ারীকে শোকজ করল ইসি

নাহিদ ও পাটওয়ারীকে শোকজ করল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তারা হলেন—ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

রবিবার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা যায়।

নাহিদ ইসলামকে পাঠানো চিঠিতে বলা হয়, তিনি এনসিপি মনোনীত ঢাকা-১১ আসনের বৈধ প্রার্থী। তবে নির্বাচনের আগেই ওই আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তার বিশাল আকৃতির রঙিন ছবি সংবলিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। বিলবোর্ডে ‘ঢাকা-১১’ উল্লেখসহ দেশ সংস্কারের গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে স্লোগান রয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার পরিপন্থী।

চিঠিতে আরও বলা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করা যাবে না। এ কারণে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীকে পাঠানো পৃথক চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা-৮ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তার রঙিন ছবি, সংসদ সদস্য প্রার্থী পরিচয় এবং ‘গণভোটে হ্যাঁ বলি’—এ ধরনের স্লোগানসংবলিত বিলবোর্ড রিটার্নিং কর্মকর্তার দৃষ্টিগোচর হয়েছে, যা আচরণবিধির লঙ্ঘন।

একই বিধির আলোকে তাকেও আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সকাল ১১টার মধ্যে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।