সৌদি আরবে অনুষ্ঠিত রোমাঞ্চকর এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখল বার্সেলোনা। রোববারের এই জয়ে কাতালানরা তাদের রেকর্ড ১৬তম সুপার কাপ শিরোপা ঘরে তোলে।
বার্সেলোনার জয়ে বড় ভূমিকা রাখেন রাফিনিয়া, যিনি দুটি গোল করেন। অন্য গোলটি করেন রবার্ট লেভান্ডভস্কি। ম্যাচের শেষ দিকে কিলিয়ান এমবাপের ওপর ফাউলের জন্য ফ্রেঙ্কি ডি ইয়ং লাল কার্ড দেখলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে সক্ষম হয় বার্সা।
ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখে বার্সেলোনা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ রক্ষণ সামলে সুযোগের অপেক্ষায় ছিল। ৩৬ মিনিটে বক্সের ভেতর থেকে নিচু শটে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। তবে ভিনিসিয়ুস জুনিয়র একক নৈপুণ্যে গোল করে রিয়ালকে সমতায় ফেরান।
বিরতির ঠিক আগে পেদ্রির নিখুঁত পাস থেকে লেভান্ডভস্কি চিপ শটে গোল করলে আবার এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু যোগ করা সময়ে গনজালো গার্সিয়ার গোলে প্রথমার্ধ শেষ হয় ২-২ সমতায়।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে আসে। ৭৩ মিনিটে রাফিনিয়ার শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে পড়ে। এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।
এই জয়ের মাধ্যমে কোচ হান্সি ফ্লিকের অধীনে চতুর্থ শিরোপা জিতল বার্সেলোনা।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো বলেন,
‘হার সব সময়ই কষ্টের। তবে এটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ ছিল। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। বার্সেলোনাকে অভিনন্দন।’
বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি বলেন,
‘আমরা দারুণ খুশি। আরেকটি বড় শিরোপা জিতেছি। মাদ্রিদের বিপক্ষে ম্যাচ সব সময় বিশেষ। জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
রাফিনিয়ার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘সে সব সময় সঠিক জায়গায় উপস্থিত থাকে।’
এই পরাজয়ে রিয়াল মাদ্রিদের টানা পাঁচ ম্যাচের জয়ের ধারা থেমে যায়। জাবি আলোনসোর অধীনে এখনো কোনো শিরোপা জিততে পারেনি মাদ্রিদ। অন্যদিকে বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচে জয় পেয়েছে এবং লা লিগার শীর্ষেও অবস্থান করছে।



