ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন, তাকে জোরপূর্বক অপহরণ করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে হাজির হয়ে ৬৩ বছর বয়সী মাদুরো তার বিরুদ্ধে আনা চারটি ফৌজদারি অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে নার্কো-সন্ত্রাসবাদে জড়িত থাকা, কোকেন আমদানির ষড়যন্ত্র এবং মেশিনগান ও বিধ্বংসী অস্ত্র রাখার অভিযোগ। আদালতে বিচারককে উদ্দেশ করে মাদুরো বলেন, “আমাকে ভেনেজুয়েলা থেকে অপহরণ করা হয়েছে। আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি।”
বিশ্বকে বিস্মিত করে ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি অভিযানের মাধ্যমে তাকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন একাধিক বিশ্বনেতা। তাদের মতে, এটি একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্রের ওপর বিপজ্জনক নজির স্থাপন করেছে, যা ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্যও অজুহাত হয়ে উঠতে পারে।
এদিকে মাদুরোর আদালতে শুনানির দিনই প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কড়া বক্তব্য দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন এবং এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। পর্যবেক্ষকদের মতে, ভেনেজুয়েলার পাশাপাশি কলম্বিয়া, কিউবা ও মেক্সিকোর প্রতিও ট্রাম্প প্রশাসনের কৌশলগত নজর রয়েছে।
অনলাইন বিবিসির তথ্য অনুযায়ী, মাদুরোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে—তিনি একটি আন্তর্জাতিক কোকেন পাচার নেটওয়ার্ক তদারকি করতেন, যা মেক্সিকোর সিনালোয়া ও জেটাস কার্টেল, কলম্বিয়ার ফার্ক বিদ্রোহী গোষ্ঠী এবং ভেনেজুয়েলার ত্রেন দে আরাগুয়া গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল। তবে মাদুরো এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। তার দাবি, ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যই এসব অভিযোগ তোলা হয়েছে।
মাদুরো যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকার মধ্যেই ভেনেজুয়েলার সংসদে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ পড়ানো হয়। ৫৬ বছর বয়সী রদ্রিগেজ ২০১৮ সাল থেকে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শপথ অনুষ্ঠানে তিনি বলেন, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্র যেভাবে আটক করেছে, তা তার কাছে স্পষ্ট অপহরণ বলেই মনে হয়েছে।
রদ্রিগেজ অভিযোগ করেন, তাকেও হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নির্দেশনা অনুসরণ না করলে রদ্রিগেজকে মাদুরোর চেয়েও কঠিন পরিণতি ভোগ করতে হবে।
নিউইয়র্কের আদালতে নাটকীয় শুনানিতে মাদুরো নিজেকে এখনো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট দাবি করেন এবং সব অভিযোগ অস্বীকার করেন। এ সময় জাতিসংঘে যুক্তরাষ্ট্র তীব্র সমালোচনার মুখে পড়ে। যদিও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি মজুদ কোনো ‘আইনের পলাতক’ নেতার হাতে ছেড়ে দেওয়া যায় না।
শুনানির আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করে। সেখানে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মোনকাদা অভিযোগ করেন, তার দেশ একটি অবৈধ ও অযৌক্তিক সশস্ত্র হামলার শিকার হয়েছে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ মাদুরোকে ‘অবৈধ স্বঘোষিত প্রেসিডেন্ট’ আখ্যা দিয়ে বলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে একটি বৈধ আইন প্রয়োগকারী অভিযানের মাধ্যমে।
সোমবার বিকেলের শুনানিতে আদালত কক্ষে উপস্থিত এক ব্যক্তি স্প্যানিশ ভাষায় মাদুরোর উদ্দেশে চিৎকার করে বলেন, তাকে তার কাজের মূল্য দিতে হবে। জবাবে মাদুরো বলেন, তিনি একজন অপহৃত প্রেসিডেন্ট ও যুদ্ধবন্দী। পরে তাকে হাতকড়া পরা অবস্থায় আদালত কক্ষ থেকে বের করে নেওয়া হয়।
৩০ মিনিটের শুনানিতে মাদুরো বলেন, “আমি একজন সৎ মানুষ। আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট।” তবে ৯২ বছর বয়সী বিচারক অ্যালভিন হেলারস্টেইন তাকে থামিয়ে বলেন, এসব বক্তব্যের সময় ও স্থান পরে আসবে।
এর আগে ট্রাম্প ঘোষণা দেন, ‘নিরাপদ ও সুশৃঙ্খল রাজনৈতিক পরিবর্তন’ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিচালনায় যুক্ত থাকবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো দেশটির অবকাঠামো উন্নয়নে কাজ করবে। তবে এসব ঘোষণার পরও ভেনেজুয়েলার ক্ষমতার কাঠামো এখনো মূলত মাদুরোঘনিষ্ঠদের হাতেই রয়েছে।
এদিকে হাজারো ভেনেজুয়েলাবাসী রাজধানীতে জড়ো হয়ে মাদুরো, তার স্ত্রী এবং অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজের প্রতি সমর্থন জানান। শপথ গ্রহণের পর রদ্রিগেজ বলেন, অবৈধ সামরিক আগ্রাসনের ফলে সৃষ্ট দুঃখ-কষ্টের মধ্যেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবেন।
মাদুরোর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৭ মার্চ।



