পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। জাতীয় নির্বাচনে পোস্টাল ভোটের জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ১২৩টি দেশ থেকে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। এদের মধ্যে সরকারি চাকরিজীবী ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন এবং আনসার ভিডিপি সদস্য ১০ হাজার ১০ জন রয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) রাত ১২টায় পোস্টাল ভোটে নিবন্ধনের সময়সীমা শেষ হয়। এ ছাড়া কারাগার থেকে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৬ হাজার ২৮৩ জন। প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে, যার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন।
আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নিবন্ধিত ভোটাররা নিজ নিজ আসনের পছন্দের প্রার্থীকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। পরদিন থেকেই পূরণকৃত ব্যালট ফেরত পাঠানো যাবে। ১২ ফেব্রুয়ারির আগে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে।



