tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকমার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে এ হামলা চালানো হয়।

সোমবার (৫ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওহাইওতে অবস্থিত ভ্যান্সের বাসভবনে হামলার ফলে বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানায়, ঘটনার সময় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও তার পরিবার বাসভবনে উপস্থিত ছিলেন না। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হামলায় বাড়ির জানালার ক্ষতি হয়েছে।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগেলমি জানান, আটক ব্যক্তি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হলেও তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ভ্যান্সের ব্যক্তিগত বাসভবনের বাইরের জানালা ভাঙচুরসহ সম্পত্তি ক্ষতিসাধনের অভিযোগে তাকে আটক করা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, রোববার মধ্যরাতের কিছুক্ষণ পরই এই হামলার ঘটনা ঘটে। গুগেলমি আরও জানান, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সিনসিনাটি পুলিশ ডিপার্টমেন্ট ও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের সঙ্গে সমন্বয় করে বিষয়টি তদন্ত করছে এবং আনুষ্ঠানিক অভিযোগ আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এক ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, হামলাকারীর লক্ষ্য ভ্যান্স বা তার পরিবার ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এক হোয়াইট হাউস কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ঘটনার আগেই ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও তার পরিবার শহর ত্যাগ করেছিলেন।